বিগত সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ৪:৪৩ পিএম
বিগত সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: মন্ত্রী

সোমবার (৬ জুলাই) রাজধানীর এক আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী জানান, বিগত সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে। এই বিশাল অঙ্কের বকেয়া পরিশোধ এবং খাতের চলমান ঘাটতি মেটানো বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৮০ শতাংশই এখন বেসরকারি খাতের হাতে, যা উৎপাদন খরচ অনেক বেশি। পূর্ববর্তী সরকারের অপ্রতুল আর্থিক ব্যবস্থাপনার কারণে এখন বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি আমদানি করতে হিমশিম খেতে হচ্ছে। বকেয়া পরিশোধ না করলে ওই সব কেন্দ্র জ্বালানি কিনতে পারবে না, যার ফলে উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর সামাজিক কল্যাণমূলক কর্মসূচির জন্য বিপুল অর্থ বরাদ্দের কারণে ঋণের বোঝা কমানো নিয়েও চিন্তিত সরকার।

চলমান সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, জ্বালানি আমদানির চাপ কমাতে এই খাতে যেতে হবে। এছাড়া বিদ্যুৎ খাত পরিচালনায় নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম ইনিংস অনেক আগে শেষ হয়েছে, এখন দ্বিতীয় ইনিংস।’ বিদ্যুৎকেন্দ্রগুলোর যথাযথ তদারকির জন্য পিডিবির সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি কারিগরি দল গঠন করেছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...