সাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মৎস্যজীবীদের নির্দেশ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে উত্তর বঙ্গোপসাগরে কর্মরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে অতিসত্তর নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা থেকে ২৮৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে যে, এই নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—সব সমুদ্রবন্দরকেই ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

