পটিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল, স্বজনদের অভিযোগ হত্যার

প্রাইম বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৬ ১১:২৬ এএম
পটিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল, স্বজনদের অভিযোগ হত্যার

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের সবুর মার্কেট এলাকায় সোনিয়া আক্তার (৩০) নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আনোয়ার শাহ মাজার সংলগ্ন নিজ বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা দাবি করা হলেও নিহতের বাবার বাড়ির স্বজনরা রহস্যজনক মৃত্যুর কথা দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নিহতের শাশুড়ি জানান, সকালে বাড়ির দুই জায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এক পর্যায়ে সোনিয়া ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তাদের ধারণা। তবে ঘটনার সময় কেউ ঘটনাস্থলে হাজির ছিলেন না। অন্যদিকে সোনিয়ার ভাই জয়নাল অভিযোগ করেন, দাবি করা কক্ষটি খুবই ছোট ও সংকীর্ণ, ফলে সেখানে আত্মহত্যা করা সম্ভব নয়। তিনি এটিকে পরিকল্পিত হত্যা বলে মনে করছেন এবং দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। সোনিয়ার স্বামী নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পটিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...