তিস্তার ভাগ্য বদলে চীনের সহযোগিতা চেয়েছিল তিস্তাপাড়ের মানুষ: দুলু

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৬:০৩ পিএম
তিস্তার ভাগ্য বদলে চীনের সহযোগিতা চেয়েছিল তিস্তাপাড়ের মানুষ: দুলু

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তিস্তা অববাহিকার প্রায় দুই কোটি মানুষ ব্যাপক প্রত্যাশা পোষণ করছিলেন। রোববার (২৮ জুন) সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নদী ব্যবস্থাপনায় চীনের দক্ষতা থাকায় তিস্তাপাড়ের মানুষ আশা করেছিল এই সফর তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন যাওয়ার সময় তিনি গ্রামের বাড়িতে ছিলেন এবং নিজ চোখে দেখেছেন কীভাবে সাধারণ মানুষ এই সফরের ফলাফলের অপেক্ষায় ছিলেন। তিস্তার ভাঙনে বহু মানুষ ভিটেমাটি হারিয়ে ছিন্নমূল হয়েছেন। চীনের সঙ্গে সম্পর্ক যেহেতু অত্যন্ত সুদৃঢ়, তাই দুই কোটি মানুষের এই আশা বুকে লালন করা স্বাভাবিক। তিনি নিজেও দীর্ঘদিন ধরে তিস্তা সংক্রান্ত আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে উল্লেখ করেন।

এছাড়াও বাজেট নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, বাজেট সবার পছন্দের মিলবে এটা সম্ভব নয়। তবে সরকার দরিদ্র মানুষের কথা ভেবেই পদক্ষেপ নিচ্ছে। তিনি হতদরিদ্র মায়েদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার কথা তুলে ধরেন। গরিব মারার বাজেট বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সব উদ্যোগই সাধারণ মানুষের উন্নতির জন্য গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...