জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাস গড়লেন রোনালদো, ভাঙলেন ৬ রেকর্ড
ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে গত ২৩ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে তিনি সেই সব সমালোচনার জবাব দিয়েছেন দুর্দান্ত খেলার মাধ্যমে। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। এই ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো, যা তাকে এক ম্যাচেই ছয়টি রেকর্ডের মালিক বানিয়েছে।
এই জোড়া গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি আসরে গোল করার অনন্য নজির স্থাপন করেছেন। ২০০৬ থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে তিনি এই কীর্তি গড়েছেন। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে মোট ১১টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোলের খাতা খুলেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
বয়স যেন রোনালদোর খেলার ছন্দে কোনো বাধা হতে পারেনি। ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন। কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা তার চেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড ধরে রেখেছেন। একইসাথে, নিজের দেশের হয়ে সবচেয়ে কম ও বেশি বয়সে গোল করা তৃতীয় ফুটবলার হিসেবেও তিনি স্থান করে নিয়েছেন।
ব্যক্তিগত পর্যায়ে রোনালদো নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওকে টপকে দলের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের (১০টি) মালিক হয়েছেন। এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার রেকর্ডটিও এখন তার দখলে, যেখানে তিনি পিছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।

