বিশ্বকাপের মাঝেই জন্মদিনের চমক, কেক কাটলেন মেসি ও সতীর্থরা
বিশ্বকাপ ফুটবলের ব্যস্ততার মাঝেই ৩৯ বছরে পা রাখলেন আর্জেন্টিইনা অধিনায়ক লিওনেল মেসি। ব্যক্তিগত এই বিশেষ দিনটি উদযাপন করতে ভোলেননি তার দলের সতীর্থরাও। টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় তাকে চমকে দিতে একটি জন্মদিনের কেক নিয়ে হাজির হন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে স্মরণীয় মুহূর্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টেবিলে রাখা কেকের ওপর ‘৩৯’ সংখ্যাটি উজ্জ্বল হয়ে জ্বলছিল। এই আয়োজনে তার সঙ্গে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসো। সবার মুখে সুখের হাসি দলের পারিবারিক পরিবেশকেই ফুটিয়ে তুলেছে।
এই আবহের মধ্যেই দল হিসেবে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে পরাজিত করে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ নাম লিখিয়েছে তারা। নিজের ৩৯তম জন্মদিনের আগেই দলের পাঁচটি গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে। এতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৮ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন এই মহাতারকা।
জুন-জুলাইতে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হওয়ায় প্রায়ই টুর্নামেন্টের মধ্যেই জন্মদিন পালন করতে হয় তাকে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে হাতে তুলেছিলেন স্বপ্নের ট্রফি। এর আগে দুইটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জয়ের স্বাদ পাওয়া মেসির ঝুলিতে এখন মোট চারটি আন্তর্জাতিক শিরোপা রয়েছে।

