বিশ্বকাপের মাঝে ৩৯-এ মেসি, সতীর্থদের সাথে কেক কাটলেন আলবিসেলেস্তে
আসন্ন বিশ্বকাপ মিশনের মাঝপথে ৩৯ বছরে পা রাখলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দলের ব্যস্ত সূচির মাঝেও এই বিশেষ দিনটি উদযাপন করতে ভোলেননি তার সতীর্থরা। মেসিকে চমকে দিতে হঠাৎই কেক নিয়ে হাজির হন তার সতীর্য ফুটবলাররা এবং সবাই মিলে আনন্দে মেতে ওঠেন।
মেসি নিজেই এই আয়োজনের একটি ছবি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, একটি টেবিলের ওপর রাখা কেকের গায়ে ‘৩৯’ সংখ্যাটি উজ্জ্বল হয়ে জ্বলছে। মেসির পাশে তখন উপস্থিত ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো। এই পাঁচ তারকার সঙ্গে দলের এক সাপোর্ট স্টাফও সেখানে ছিলেন। সবার মুখে স্মিত হাসি দেখে বোঝা যাচ্ছিল আর্জেন্টিনা শিবিরের অনন্য এক আবহ।
খেলার মাঠেও দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে পরাজিত করে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ নাম লিখিয়েছে আর্জেন্টিনা। দলের করা মোট পাঁচটি গোলের সবগুলোই এসেছে মেসির বুট থেকে। এই পাঁচ গোল যোগ হওয়ার ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮ গোল নিয়ে সবার উপরে অবস্থান করছেন এই জাদুকর।
ফুটবল বিশ্বকাপ সাধারণত জুন-জুলাই মাসে হওয়ার কারণে টুর্নামেন্টের মধ্যেই জন্মদিন পালনের সুযোগ পান মেসি। শুধুমাত্র ২০২২ সালের বিশ্বকাপটি নভেম্বর-ডিসেম্বরে হওয়ায় তার ব্যতিক্রম ঘটেছিল। এর আগে ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত চারটি আসরেই তার জন্মদিন পড়েছিল। ক্যারিয়ারে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুইবার কোপা আমেরিকা ও একবার ফিনালিসিমা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

