কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ নিহত ১০
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক সৈকতে অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে ৬ জনই একই পরিবারের সদস্য। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থীর নামও রয়েছে নিহতের তালিকায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক পোস্টের মাধ্যমে এসব তথ্য প্রকাশ হয়েছে।
নিহত পরিবারের স্বজন আব্দুল আহাদ সরকার ওই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি ফেসবুকে লেখেন, ‘কক্সবাজারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় একসাথে আমার পরিবারের ৬ জনের মৃত্যু, আরও ১ জন মোট ৭ জনের মৃত্যু! দুআ করবেন সবাই। আল্লাহ যাতে সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।’
সহপাঠী আলিমুল ইসলাম জানান, রিসোর্টের অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাও আহাদের পরিবারের ছয় সদস্যের সঙ্গেই মর্মান্তিকভাবে প্রাণ হারান। তিনি লেখেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন নাবিলা আপুসহ নিহত সকলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন, আমিন।’
বন্ধু রিয়ন মাহমুদ শোক জানিয়ে লেখেন, ‘আহা অনিশ্চিত জীবন। বন্ধু আব্দুল আহাদ সরকারের পরিবারের ৬ জন কক্সবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন। ওর পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক।’ এ ছাড়া মাঈন উদ্দিন আহমেদ লেখেন, ‘ইনানী বিচের টুপটুপ রিসোর্টে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল আহাদ সরকারের পরিবারের ৬ সদস্য। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন।’
একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানিতে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে গভীর শোক। ফেসবুকে দলে দলে সমবেদনা জানাচ্ছেন শিক্ষার্থীরা। নিহতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত আত্মীয়দের পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন সহপাঠীরা।

