১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩২ এএম
১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান দাবি করেছেন, চরম বিদ্যুৎ-সংকটের কবলে বাংলাদেশ এখন ‘পাওয়ারলেস’ অবস্থায় নেমে এসেছে। দেশের জনসংখ্যার শতকরা ৮০ জন গ্রামে বসবাস করেন জানিয়ে তিনি বলেন, অবিরাম লোডশেডিংয়ে এসব মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমনকি দেশের কোনো কোনো এলাকায় টানা ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে ‘তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ শিরোনামে নিজের উত্থাপিত প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। এসময় অধিবেশনের সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। লং মার্চের অভিজ্ঞতা টেনে শফিকুর রহমান বলেন, পথিমধ্যে কয়েকটি জেলা ও বাজারে থামার সুযোগ ঘটেছিল। যাত্রার শুরুতে এবং সীতাকুণ্ডে পৌঁছে বিদ্যুতের উপস্থিতি দেখা গেলেও তার মাঝের পুরো অংশে কোথাও বিদ্যুৎ ছিল না। এটিই যেন সমগ্র দেশের প্রতিচ্ছবি মন্তব্য করেন তিনি।

বিরোধী দল বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট ঘোচাতে সরকারকে ‘ক্রেডিট’ না চেয়ে টেকনিক্যাল এক্সপার্ট টিমের নিঃস্বার্থ সহায়তার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি মুখের আশ্বাস নয়, জাতির সামনে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরার দাবি জানান বিরোধীদলীয় নেতা। সংসদে সরকারের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার অমিলের অভিযোগ এনে তিনি বলেন, ‘আমরা সরকারের পদক্ষেপে আশাবাদী। তবে কনফিউশন তৈরি হয় যখন দেখি সংসদে দেওয়া খোলামেলা আশ্বাস বাস্তবায়ন হচ্ছে না। যেমন— বলা হয়েছিল মিটার চার্জ, ডিমান্ড চার্জ আর নেওয়া হবে না, কিন্তু ঠিকই নেওয়া হচ্ছে। ভুতুড়ে বিলের সমাধানের কথাও বলা হয়েছিল, কিন্তু তা কন্টিনিউ করছে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে আমাদের প্ল্যান যত সুন্দরই হোক, সব ব্যর্থ হবে।’

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের অর্থ আত্মসাৎ হচ্ছে মর্মে সরাসরি অভিযোগ এনে তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের টাকা দিয়ে মূলত জনগণের টাকা ডাকাতি হয়ে যাচ্ছে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু এর সমাধান হওয়া উচিত। এই দুষ্ট চক্র থেকে জাতি বের হতে না পারলে কোনো নিস্তার নেই।’ দেশ বিদ্যুৎ-সংকটে ভুগলে তা শক্তিহীন হয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই না আমাদের জাতি পাওয়ারলেস হোক; আমরা চাই জাতি পাওয়ারফুল হোক।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...