পেপারবিহীন সংসদের পথে ডিজিটাল বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:০০ পিএম
পেপারবিহীন সংসদের পথে ডিজিটাল বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট

জাতীয় সংসদকে কাগজমুক্ত ও প্রযুক্তির ছোঁয়ায় সাজানোর উদ্যোগ শুরু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি স্পিকারের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এ সময় কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।

বৈঠকে একমত হওয়া হয় যে সংসদের সব কার্যক্রমকে আরও দ্রুত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট পদ্ধতি চালু করা সময়ের দাবি। প্রস্তাবিত পদ্ধতিতে বাংলা ও ইংরেজি—দুই ভাষারই সংস্করণ থাকবে। এর মাধ্যমে সংসদীয় নথির ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান হবে সহজ, দ্রুত ও কার্যকর। এজন্য ডেপুটি স্পিকারের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। কমিটি সিস্টেমের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো পর্যালোচনা করে কাজ এগিয়ে নেবে।

চলতি সেপ্টেম্বরের শেষের দিকে প্রস্তাবিত পদ্ধতি নিয়ে একটি প্রেজেন্টেশন দেওয়ার নির্দেশও দেন স্পিকার। সেখানে সিস্টেমের কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হবে। এ উদ্যোগকে বর্তমান সরকারের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক বলা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সংসদ পরিচালনার ফলে কাগজের ওপর নির্ভরতা কমবে, সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে এবং সংসদীয় কার্যক্রমে গতি, দক্ষতা ও সমন্বয় বাড়বে।

প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য সহায়তার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), দাতা দেশ ও দাতা সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...