৬০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ পেল বেবিচকের ১৫ অগ্নিনির্বাপণ কর্মী

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৬ এএম
৬০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ পেল বেবিচকের ১৫ অগ্নিনির্বাপণ কর্মী

বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা জোরদার এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ১৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ৬০ দিনের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

‘বিমান দুর্ঘটনা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের প্রাথমিক প্রশিক্ষণ-৫’ শিরোনামে গত ১০ জুন কোর্সটির যাত্রা শুরু হয়ে গত ১ সেপ্টেম্বর সমাপ্ত হয়। বেবিচকের অগ্নিনির্বাপণ বিভাগে কর্মরত এই ১৫ জন কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ যান পরিচালনা এবং বিমানবন্দরের অগ্নি সুরক্ষা ও উদ্ধার তৎপরতা নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেন। কোর্সের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত জনবল গড়ে তোলা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবিলায় এই প্রশিক্ষণের প্রকৃত সাফল্য তখনই নিশ্চিত হবে, যখন দেশের প্রতিটি বিমানবন্দরে প্রয়োজনীয় অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে বেবিচকের পরিচালক (অগ্নিনির্বাপণ) মো. রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) মান অনুযায়ী বিমানবন্দর পরিচালনা ও জরুরি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষিত কর্মীরা অগ্রণী ভূমিকা রাখবেন।

কর্তৃপক্ষ জানায়, আইকাওর মানদণ্ড মেনে প্রশিক্ষণ নেওয়া এই কর্মীরা ভবিষ্যতে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তার পাশাপাশি বিমান দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন। এর মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...