সংসদে ফোনালাপের বোঝাপড়া নিয়ে সরকার ও বিরোধীদলের তুমুল বাদানুবাদ
সংসদীয় কমিটি পুনর্গঠন এবং সংবিধান সংশোধন নিয়ে জাতীয় সংসদে তুল্কালাম অবস্থার সৃষ্টি হয়েছে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাবি করেছেন, ফোনালাপের মাধ্যমে বিরোধীদলের উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের সাথে তাদের একটি বোঝাপড়া ছিল। তিনি বলেন, এই বোঝাপড়ার ভিত্তিতেই রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বিষয়ে আলোচনা শুরু হয়। চিফ হুইপ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে অন্তর্ভুক্ত করতে চায় সরকার। তিনি বলেন, গত ৫৪-৫৫ বছরের রীতি ভঙ্গ করে ১০টি কমিটির সভাপতি পদ দিতে রাজি আছে সরকার, তবে শর্ত হলো বিরোধীদলকে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
তবে চিফ হুইপের এই দাবি উড়িয়ে দিয়েছেন বিরোধীদলীয় উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহের। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংবিধান সংশোধন কমিটিতে যোগদান এবং সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টনের বিষয়টি একে অপরের সাথে সম্পর্কিত নয় এবং এ নিয়ে কোনো সমঝোতা হয়নি। ফলে সংসদে সরকারি ও বিরোধীদলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়।

