মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাসকিন
মানবতার সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৫-২০২৬ মেয়াদের জন্য রোটারি ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ ‘এভিনিউ অব সার্ভিস’ পদকে ভূষিত হয়েছেন বিশিষ্ট ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। শনিবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫ এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী আয়োজনে তার হাতে এই পদক তুলে দেন কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান।
এবার বাংলাদেশ থেকে মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে জেলা ৬৪ ও ৬৫ থেকে পাঁচ জন করে এই পদক লাভ করেন। একজন নিবেদিতপ্রাণ রোটারিয়ান হিসেবে ডা. রাসকিন দীর্ঘদিন ধরে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যান্সার কমিটির চেয়ারম্যান এবং ডেপুটি কো-অর্ডিনেটরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা ৬৪ এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।
পেশাগত জীবনে ডা. রাসকিন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর ধরে বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন। অবসর গ্রহণের পরও তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কাজে প্রকল্প সমন্বয়কারীর ভূমিকায় নিয়োজিত আছেন। এছাড়াও তিনি দিনাজপুরের ‘বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল’ প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং কার্যক্রমের পাশাপাশি অস্বচ্ছল ক্যান্সার রোগীদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই আজীবন সমাজসেবার প্রতি নিষ্ঠা তাকে এই আন্তর্জাতিক সম্মাননা অর্জনে সহায়তা করেছে।

