ঢাকা-ডাবলিন সম্পর্ক জোরদারে আয়ারল্যান্ড দূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১০:৫৯ এএম
ঢাকা-ডাবলিন সম্পর্ক জোরদারে আয়ারল্যান্ড দূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঐকমত্য পোষণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে প্রতিমন্ত্রীর দপ্তরে আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠককালে বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতির মতো খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও কনস্যুলার সেবা ও অভিবাসন প্রক্রিয়া সহজতর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুই পক্ষ গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বর্তমান সরকারের অধীনে দুই দেশের বন্ধুত্ব যে আরও দৃঢ় হচ্ছে তা নিশ্চিত করে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঢাকা এবং ডাবলিনের যৌথ অঙ্গীকারের কথাও এই আলোচনায় উঠে আসে। এছাড়া ২০২৬-২৭ মেয়াদের জন্য ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে আয়ারল্যান্ডের সমর্থন আদায়ের চেষ্টা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...