জনগণের সেবা করতে হবে, আচরণে ভালোবাসা থাকতে হবে: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জনপ্রতিনিধিদের মানুষের সাথে সদাচরণ করতে হবে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনে মানুষ যেহেতু হতাশ হয়ে পড়েছিল, তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা পরিবর্তন এনেছে। এই আস্থা রক্ষা করা এখন দায়িত্ব। অতীতে স্বৈরাচারী আচরণ যারা করেছে তাদের মানুষ ভুলে যাবে, বিএনপিকে ভালোবাসবে। জাতীয়তাবাদী দল তাদের কর্ম দিয়ে মানুষের মন জয় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। এই ভোটের মর্যাদা দিতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব যেন আমি ঈমানের সাথে পালন করতে পারি। কুমিল্লাকে সুন্দর ও আধুনিক করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

