গণতন্ত্র ফিরেছে আন্দোলনে, জনগণের সেবা করতে হবে: কৃষিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ১২:১৯ এএম
গণতন্ত্র ফিরেছে আন্দোলনে, জনগণের সেবা করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে। জনগণের এই আস্থা ও ভোটের মর্যাদা দিতে হলে সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ করা এবং তাদের সেবা করা নেতাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, মানুষ অতিষ্ঠ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ক্ষমতায় বসিয়েছে, তাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতের স্বৈরাচারী শাসনের কথা মানুষ ভুলে যাবে এবং জাতীয়তাবাদী দল তাদের কর্মের মাধ্যমে মানুষের মন জয় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি কুমিল্লা ও দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

হাজী আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি ঈমানের দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, তাই তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...