জনগণের প্রত্যাশা পূরণে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান মন্ত্রীর

কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে। গত ১৭ বছরের শাসনামলে জনগণের অধিকার হরণ ও গণতন্ত্র কবর দেওয়া হলেও মানুষ ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই জনগণের এই আস্থা ও ভালোবাসাকে ধরে রাখতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সাধারণ মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গত ১৭ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসার পর জনগণের সেবা করা এখন দলের নেতাকর্মীদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী সরকারের কালো ছায়া মানুষ ইতিমধ্যেই ভুলে যেতে শুরু করেছে এবং জাতীয়তাবাদী শক্তির কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা সম্ভব হবে। কুমিল্লাকে একটি আধুনিক ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, তাই ভোটের মূল্যায়ন করতে হলে আমাদেরকে ঈমানের দায়িত্ব হিসেবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তা যেন তিনি আন্তরিকভাবে পালন করতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চান। অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

