বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ১:৫৫ এএম
বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

দীর্ঘদিনের চিকিৎসা সেরে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে এসেছেন ভাবি আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসির আব্বাসও।

এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টানা প্রায় পাঁচ মাস চিকিৎসার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস। এরপর ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য আবার মালয়েশিয়া যান তিনি। দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চলছিল তার চিকিৎসা।

জানা যায়, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। ওই দেশে দেড় মাস চিকিৎসা শেষে উন্নততর চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...