১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান

প্রাইম বার্তা অনলাইন
১৪ অক্টোবর ২০২৬ ৩:০৫ পিএম
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান

দেশের সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হচ্ছে। একইসঙ্গে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠন পাচ্ছে ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান। আগামী শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার এবং সংগঠনগুলোর কাছে অনুদানের চেক তুলে দেবেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, জাতি গঠনে তরুণ প্রজন্মই দেশের মূল চালিকাশক্তি। যুবকদের উদ্যম, সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে স্বীকৃতি দিতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে এই পুরস্কার স্থায়ীভাবে চালু করা হয়েছে। যুবসমাজকে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতি বছর নিবন্ধিত সংগঠনগুলোকে প্রণোদনাও দেওয়া হয়।

আটটি ক্যাটাগরিতে অবদানের ভিত্তিতে এই সম্মাননা দেওয়া হচ্ছে। ক্যাটাগরিগুলো হলো—আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি। প্রতিটি পুরস্কারের সঙ্গে থাকছে ১ লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। অন্যদিকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ১ লাখ টাকা আর উপজেলার সেরা সংগঠন পাবে ৭৫ হাজার টাকা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত শীর্ষ ২০টি সংগঠন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান পেতে পারে।

প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বিজয়ী ও অনুদানপ্রাপ্ত সংগঠন বাছাই করা হয়েছে। মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন সারাদেশের জেলা প্রশাসকরা। কেন্দ্রীয়ভাবে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাকি ৪২৯টি সংগঠনের হাতে চেক দেওয়া হবে। প্রধানমন্ত্রী চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করার পরপরই অনুদানের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে বলেও নিশ্চয়তা দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...