সুলতানের জন্মদিনে মালয়েশিয়ার দুই মন্ত্রী পেলেন ‘সেরি পদুকা’ খেতাব
কেলান্তানের সুলতান মুহাম্মদ পঞ্চমের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজকীয় সম্মাননায় ভূষিত হয়েছেন মালয়েশিয়ার দুই মন্ত্রী। মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল পেয়েছেন সম্মানসূচক সদস্যপদ ‘সেরি পদুকা’। এই খেতাবের সঙ্গে ‘দাতুক’ উপাধিও যুক্ত হয়।
এবারের রাজকীয় তালিকায় কেলান্তান রাজ্যের মোট ৭৬৭ জন বিভিন্ন স্তরের সম্মাননা ও পদক লাভ করেছেন, যাদের মধ্যে ৪৫ জন ‘দাতুক’ উপাধিতে ভূষিত হন। দুই মন্ত্রীর পাশাপাশি একই খেতাব পান সিল্কওয়ে গ্রুপের নির্বাহী চেয়ারম্যান দাতুক দানিয়ার কেসিকবায়েভ এবং লে মার্সিয়ার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক লিওন এমিল লে’মার্সিয়ার। এছাড়া সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল তান শ্রী মালেক রাজাক সুলেইমান ও সেনাপ্রধান জেনারেল তান শ্রী আজহান মো. ওসমানকে ‘দারজাহ কেবেসারান কেসাতেরিয়া মাহকোতা কেলান্তান ইয়াং আমাত পারকাসা’-এর প্রথম সম্মানসূচক সদস্যপদ দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার পর রামানান সুলতান মুহাম্মদ পঞ্চমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ খেতাবকে তিনি কেবল একটি স্বীকৃতি হিসেবেই দেখছেন না; বরং রাজা, জনগণ ও দেশের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার দায়িত্ব ও আস্থা হিসেবেই গ্রহণ করছেন।
উল্লেখ্য, এ বছরের অনুষ্ঠানে সামরিক ও সরকারি কর্মকর্তা, বিচারক, ব্যবসায়ীসহ নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন পর্যায়ের রাজকীয় খেতাব ও পদকে সম্মানিত হন। এ ছাড়া ১২ জনকে শান্তির বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজ্যের সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সুলতানের জন্মবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই রাজকীয় সম্মাননা প্রদানের রীতি কেলান্তানে দীর্ঘদিন ধরে চলে আসছে।

