চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং তা আরও কঠোরভাবে পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন অবস্থান জানান।
তথ্য উপদেষ্টার সরকারের কাছে চাঁদাবাজদের তালিকা রয়েছে মর্মে বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী জানান, এ ধরনের তালিকা প্রস্তুত করা পুলিশের নিয়মিত দায়িত্বের অংশ। এতে সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের নামও অন্তর্ভুক্ত থাকে এবং সময়ে সময়ে তা হালনাগাদও করা হয়। তিনি বলেন, নতুন করে তালিকা তৈরির বিষয়টি নয়, বরং নতুন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সেটাই মূল প্রশ্ন। পত্রিকায় নিয়মিত দেখা যাচ্ছে, এসব অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করছে পুলিশ। এই প্রক্রিয়া চলমান আছে এবং আগামীতে আরও জোরদার হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির ঘটনা নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনোভাবেই বিবেচনায় নেওয়া হচ্ছে না। যে কোনো দলের পরিচয় নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
রাজধানীর মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের দায় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, দায় তখনই আসে, যখন কোনো ঘটনায় ব্যবস্থা নেওয়া হয় না কিংবা পুলিশ ব্যর্থ হয়। এই ক্ষেত্রে পুলিশের কোনো ব্যর্থতা নেই, সরকারেরও নেই। এ ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী স্পষ্ট করেন, তদন্তে জড়িত থাকার প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও সেটি কোনোভাবে আমলে নেওয়া হবে না। মিরপুরের ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

