চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পেছনে চাঁদা প্রত্যাখ্যানের ঘটনা জড়িত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
পোস্টে পাটওয়ারী লেখেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। জুলাই অভ্যুত্থানের কঠিন দিনগুলোতে যখন বহু মানুষ নীরব ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের ভার নেওয়ার কথাও বলেছিলেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পরেও একজন নাগরিককে যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয়ে চলতে হয়, তবে সেই পরিবর্তন এসেছে কোথায়— প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা। এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের কবলে পড়ার জন্য মানুষ জুলাইয়ে রাস্তায় নামেনি বলেও তিনি উল্লেখ করেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশকে সব চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষার প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। জানা গেছে, হামলাকারীরা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে চলে যায়। পাশাপাশি স্টুডিওর নানা জিনিসপত্র ভেঙে চুরমার করে তছনছ করে ফেলে তারা।

