বিপ্লব উদ্যানে সাজবে মুক্তিযুদ্ধের ইতিহাস কর্নার: মেয়র শাহাদাত
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিপ্লব উদ্যানকে আধুনিক ও নাগরিকবান্ধব বিনোদনকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের সঙ্গে পরিচয় করানোর লক্ষ্যে সেখানে থাকবে বিশেষ ‘ইতিহাস কর্নার’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উদ্যানের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করে এসব ঘোষণা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সফরকালে মেয়র উদ্যানের নানা অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি ও সামগ্রিক অবস্থা সম্পর্কে জানেন। এসময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিপ্লব উদ্যানের সঙ্গে জাতির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই স্থান এমনভাবে সাজানো হবে, যাতে নগরবাসী বিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস সম্পর্কেও জানতে পারেন। তিনি জানান, ইতিহাস কর্নারে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিবৃত্ত, জাতীয় অর্জন এবং দেশের জন্য অবদান রাখা ব্যক্তিদের তথ্য গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে, যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস শিখতে পারে।
সিটি মেয়র বলেন, বিপ্লব উদ্যানকে কেবল একটি পার্ক হিসেবে নয়, বরং ইতিহাস, ঐতিহ্য, বিনোদন ও নাগরিকদের স্বস্তির সমন্বিত নান্দনিক আয়োজন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এজন্য নগরবাসীর হাঁটাচলার জন্য থাকবে আধুনিক ওয়াকওয়ে, আর সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনে উদ্যানটি হবে আরও দৃষ্টিনন্দন। সেই সঙ্গে নিশ্চিত করা হবে নাগরিকদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ।

