বিমানের বহরে জরুরি ভিত্তিতে নতুন উড়োজাহাজ যুক্ত করছে সরকার

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৩ পিএম
বিমানের বহরে জরুরি ভিত্তিতে নতুন উড়োজাহাজ যুক্ত করছে সরকার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের ঘাটতি রয়েছে জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে নতুন বিমান সংযোজনের প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হাই লেভেল নেগোসিয়েশন কমিটির প্রদত্ত সুপারিশের ভিত্তিতেই এই ক্রয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য বৈঠকের পর মন্ত্রী এসব কথা জানান। বৈঠকে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন এবং এয়ারবাস কেনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলাপ হয়।

মন্ত্রী বলেন, যেকোনো ক্রয়প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিমূলক পদ্ধতি অনুসরণ করা হবে। তবে বহরে বিমানের সংখ্যা কম থাকায় জরুরি ভিত্তিতে নতুন উড়োজাহাজ সংযোজনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া মন্ত্রী বলেন, ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ওপর হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল (এইচআরসিএম) তকমা আরোপ করে, যার প্রভাবে কার্গো ব্যবস্থাপনায় সময় ও ব্যয় দুটোই বেড়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এই তকমা প্রত্যাহারে কাজ চলছে। বিমানবন্দরগুলোতে প্রয়োজন অনুযায়ী এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি জানান, সদ্য সম্পন্ন অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী বিমানবন্দর সন্তোষজনক রেটিং লাভ করেছে। এর ফলে এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ইউরোপীয় ইউনিয়ন পদক্ষেপ নেবে বলে সরকার আশা করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...