স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁকে ১০ দিন

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৯ এএম
স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁকে ১০ দিন

চট্টগ্রামের হোটেল ও রেস্তোরাঁগুলোকে খাবারের গুণমান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ১০ দিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে রান্নাঘর ও খাবার পরিবেশনের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা, স্যানিটেশন ব্যবস্থা এবং খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্ধারিত নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

নির্দিষ্ট সময় শেষ হলে ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চারটি দল প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন চালাবে। পরিদর্শনের ফলাফলের ভিত্তিতে হোটেল-রেস্তোরাঁগুলোর মান যাচাই করে গ্রেডিং করা হবে। নির্ধারিত মান পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাবার নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় এসব ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, জরিমানা করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা প্রশাসনের উদ্দেশ্য নয়; বরং যেসব ঘাটতি রয়েছে সেগুলো সংশোধনের সুযোগ দিয়ে নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করাই মূল লক্ষ্য।

নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার পরও হোটেল-রেস্তোরাঁয় কাঙ্ক্ষিত মান পুরোপুরি আসছে না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শুধু অভিযানে সমস্যার সমাধান হবে না; ব্যবসায়ীদের সম্পৃক্ত করে স্থায়ী সমাধান চায় প্রশাসন। ‘সরকার জরিমানার মাধ্যমে কোনো ব্যবসা করে না’ বলে তিনি মন্তব্য করেন, অসৎ পথে ব্যবসা করাদের সংশোধনের পথে আনার জন্যই জরিমানা আরোপ করা হয়।

কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ব্যবসা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই ঘাটতি দূর করার সুযোগ হিসেবে ১০ দিনের সময় দেওয়া হয়েছে জানান তিনি। তবে তিনি স্পষ্ট করে দেন, নির্ধারিত মান নিশ্চিত করা সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...