ছুটি শেষে দেশে ফেরেননি কর পরিদর্শক, ১৪ মাস অনুপস্থিতিতে চাকরি গেল
স্বামীর পরিচর্যার জন্য ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে অনুমোদিত সময় শেষে আর দেশে ফেরেননি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর পরিদর্শক কাজী নূরে সোহেলা। টানা প্রায় ১৪ মাস বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাজী নূরে সোহেলা কর অঞ্চল-গাজীপুরের সার্কেল-১০-এ কর পরিদর্শক ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্বামীর অসুস্থতার কারণে তার সেবা-শুশ্রূষা ও সাক্ষাতের জন্য ২০২৪ সালের ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সুযোগে তিনি ২০২৪ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রে যান, অথচ ৮ আগস্ট কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল তার।
ছুটি বাড়াতে তিনি বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসির মিনিস্টার (কনস্যুলার)-এর মাধ্যমে ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসের বিনা বেতনে বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন। তবে ২০২৪ সালের ২৩ অক্টোবর এনবিআর ওই আবেদন নামঞ্জুর করে ১৫ কার্যদিবসের মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়। সেই নির্দেশও অমান্য করেন তিনি। ফলে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে পরবর্তী প্রায় ১৪ মাস তিনি কোনো অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী, অনুমোদিত ছুটির মেয়াদ শেষে পুনরায় অনুমতি ছাড়া ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকার সুযোগ নেই। এ ঘটনায় ২০২৫ সালের ২০ মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় একই বছরের ১৪ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ১৫ ও ১৬ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি; শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিতও হননি। শেষ পর্যন্ত শৃঙ্খলা ভঙ্গের এই দায়ে তার চাকরি সমাপ্ত করা হয়েছে।

