পল্লবীর ‘বস্তাবন্দি’ রহস্য ফাঁস: অপহরণ নয়, চট্টগ্রাম থেকে নজরুল উদ্ধার
রাজধানীর পল্লবীতে সাদা প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে কাউকে টেনে নেওয়ার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অপহরণের শঙ্কা ছড়িয়ে পড়েছিল। সেই শঙ্কার অবসান ঘটিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে অপহরণ বলে মনে হচ্ছে না। ভিডিওতে আলোচিত নজরুল ইসলামকে চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও নজরুল ইসলামকে জোর করে তুলে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তুলে ধরতে আজ রাতেই এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
উদ্ধার হওয়া নজরুল ইসলামের বয়স ৫০ বছর। টাঙ্গাইলের মধুপুর থানার শুকুর আলীর ছেলে তিনি। দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে পল্লবীর অ্যাভিনিউ-২, ব্লক-এ এলাকায় দ্য স্যালভেশন আর্মির যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দাবি করা হলেও পুলিশের অনুসন্ধানে প্রকাশ, তিনি প্রকল্প ব্যবস্থাপক নন; বরং ক্লিনিকটির নিরাপত্তাকর্মী। প্রতি রাতে ক্লিনিকের গেটের পাশে ছোট একটি টেবিলে বসে দায়িত্ব পালন করতেন এবং সেখানেই ঘুমাতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নজরুল নাইট গার্ডের দায়িত্বে যোগ দেন। এরপর ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বদলি গার্ড দানিয়েল সরকার এলে নজরুলকে খুঁজে পান না। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বোস এলভিন অথিকে জানানো হয়। এরপর প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেয়।

