চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল দুই নারীর, একদিনে নতুন আক্রান্ত ৮৭

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১:১৭ এএম
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল দুই নারীর, একদিনে নতুন আক্রান্ত ৮৭

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে নগরীতে দুই নারীর প্রাণহানি ঘটেছে এবং একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজনের একজন অর্পিতা (২৬), অন্যজন শামসুন নাহার খানম (৫০)। কার্যালয়ের তথ্যমতে, দুজনের শরীরে ডেঙ্গুর ভয়ঙ্কর জটিলতা ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’ দেখা দিয়েছিল।

নিহত অর্পিতা নগরীর কোতোয়ালী এলাকার বাসিন্দা ছিলেন। গত ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার দেহে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। চিকিৎসার মাঝেই ১১ সেপ্টেম্বর অন্তঃসত্ত্বা এই নারীর মৃত্যু হয়।

অপর নিহত শামসুন নাহার খানম আগ্রাবাদ এলাকার বাসিন্দা। আগে একটি হাসপাতালে তার ডেঙ্গু ধরা পড়ে। পরে গত ১১ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জনের মধ্যে ৭৭ জন সরকারি হাসপাতালে এবং ১০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ৪২৬ জন।

বছরের শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ৮ জন, চমেক হাসপাতালে ৩ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জনের প্রাণ গেছে। এডিস মশার এই আক্রমণ ঠেকাতে নগরবাসীর সচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষের নিয়মিত কীটনাশক ছিটানোর দাবি জোরালো হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...