পাসপোর্ট ছাড়াই ধরা ৬৩ বিদেশি: খুলশীর ভাড়া ভবনে প্রতারণার আস্তানা

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৬ এএম
পাসপোর্ট ছাড়াই ধরা ৬৩ বিদেশি: খুলশীর ভাড়া ভবনে প্রতারণার আস্তানা

চট্টগ্রামের খুলশীতে অনলাইন প্রতারণার অভিযোগে ধরা পড়া ৬৩ বিদেশি নাগরিকের কেউই নিজের পাসপোর্ট দেখাতে পারেননি। অভিযানে প্রচুর ইলেকট্রনিক ডিভাইস জব্দ হলেও ভ্রমণ কাগজপত্রের কোনো চিহ্ন মেলেনি। ফলে এই বিদেশিরা কীভাবে এবং কোন ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছেন, তা এখনো যাচাই করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ। তাঁর ভাষ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জন লাওসের নাগরিক। এরপর রয়েছেন পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন এবং একজন করে নেপাল ও ভিয়েতনামের। এদের মধ্যে ২০ জন নারী, পাশাপাশি একটি শিশুও ছিল বলে জানান তিনি।

আটক বিদেশিদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি ল্যাপটপসহ নানা ডিভাইস উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মিলেছে তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং কম্বোডিয়ার একটি কর্মসংস্থান কার্ড।

পুলিশ জানায়, খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবন পুরোটা ভাড়া নিয়ে সেখানে চালু ছিল অনলাইন প্রতারণার কার্যক্রম। দুবাইপ্রবাসী এক ব্যক্তির মালিকানাধীন ভবনটি প্রায় ছয় মাস আগে মাসে চার থেকে পাঁচ লাখ টাকায় ভাড়া নেওয়া হয়। ওই ভবনে দেশভেদে আলাদা করে রাখা হতো বিদেশিদের এবং তাদের রান্নার ব্যবস্থাও ছিল সেখানেই।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অধিকাংশ বিদেশির পাসপোর্ট মহসিন নামের এক ব্যক্তির কাছে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, ভবন ভাড়াসহ বিদেশিদের থাকা-খাওয়ার সব ব্যবস্থাপনাই দেখতেন তিনি। তবে মহসিনকে গ্রেপ্তারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...