বাবা গুম, মা নেই: এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য বই পাঠালেন প্রধানমন্ত্রী
গুমের শিকার এক পরিবারের একমাত্র অবলম্বন হয়ে বেড়ে ওঠা রামীমুল ইসলাম রিফাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বই ও টেস্ট পেপারের ব্যবস্থা করে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বইগুলো রিফাদের বড় ভাই রিমনের হাতে তুলে দেন।
রিফাদের বাবা মফিজুল ইসলাম রাশেদ ঢাকার দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। ২০১৩ সালের ৪ এপ্রিল তিনি গুম হন। সেই থেকে বাবার কোনো খোঁজ না পেয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে বড় হচ্ছে রিফাদ। স্বামীর গুমের বিচার চেয়ে মোহাম্মদপুরে ছোটাছুটি করার এক পর্যায়ে ২০২১ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার মা রুমা বেগম।
মায়ের মৃত্যুর পর সাভারের হেমায়েতপুরে থাকা পারিবারিক বসতভিটাটিও দখল করে নেয় রিফাদের চাচা। বাবা-মা দুজনকেই হারানো রিফাদ এখন চাঁদপুরে খালার সংসারে থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এবার সে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার প্রস্তুতির জন্য বই ও টেস্ট পেপারের প্রয়োজন জানালে বিষয়টি রিফাদের ভাই রিমন জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
বই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম ও ইয়াসির আরাফাত মিরাজ।
গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষার প্রত্যয় নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি সাধ্যমতো কাজ করে যাচ্ছে। পুরো বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

