আগামী ৫-৭ দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: তারেক রহমান
সাগরে একটি এলএনজি বহুকারী জাহাজে অগ্নিকাণ্ডের পর সৃষ্টি হওয়া গ্যাস সরবরাহের ঘাটতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, সরবরাহ ব্যবস্থা ইতোমধ্যে উন্নতির পথে রয়েছে এবং আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠবে। জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এমন আশা প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
গ্যাস ঘাটতির পেছনের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জানান, আমদানি করা গ্যাস সংরক্ষণের জন্য সাগরে দুটি জাহাজ নোঙর ফেলে আছে, যার মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের হাতে। এর একটি জাহাজে হঠাৎ আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়, তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে বাকি জাহাজটির ওপর চাপ বেড়ে যায় এবং পাইপলাইনে সরবরাহে ভাটা পড়ে। গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, তেলের মতো গ্যাসেও একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। মেশিনের সাহায্যে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে যারা নিজে লাভবান হচ্ছেন, বিপরীতে তাতে ভোগান্তিতে পড়ছেন অসংখ্য সাধারণ ভোক্তা। অবৈধ উপায়ে বিদ্যুৎ, গ্যাস ও তেল আত্মসাৎ ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার একাই এই দায়িত্ব পালন করতে পারবে না; নাগরিকদের সম্মিলিত প্রতিরোধই সবচেয়ে কার্যকর।

