প্রধানমন্ত্রীর আশা: আরও ৫-৭ দিনেই স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ২:৩৬ এএম
প্রধানমন্ত্রীর আশা: আরও ৫-৭ দিনেই স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ

চলমান জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাস সরবরাহ ইতোমধ্যে উন্নতির পথে রয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি মনে করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এসময় দলের স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

গ্যাস ঘাটতির পেছনের কারণ ব্যাখ্যা করে তারেক রহমান জানান, আমদানি করা গ্যাস রাখার জন্য সাগরে দুটি বিদেশি মালিকানাধীন জাহাজ রয়েছে। সঠিক কারণ জানা না গিয়ে তার একটিতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাবে অন্যটির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং পাইপলাইনে সরবরাহ ব্যাহত হয়। তবে গত সপ্তাহ থেকে সরবরাহ পুনরায় শুরু হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আরও ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি আরও ভালো হবে।

তেলের মতো গ্যাস খাতেও একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেশিন ব্যবহার করে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস তুলে নেওয়ার ফলে অল্প কিছু মানুষ লাভবান হলেও অন্যদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। তিনি বলেন, সরকার একাই এই প্রবণতা রোধ করতে পারবে না; অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেওয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...