স্পিকারের অভিযোগ: হাসিনার আমলে গুম আর ভীতির রাষ্ট্র প্রতিষ্ঠিত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার শাসনামলে মাফিয়া রাজ কায়েম করে গুম, খুন এবং নির্যাতনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতির সংস্কৃতি তৈরি করা হয়েছিল। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ দেশের মানুষ এমন হিংস্র নিপীড়ন ও গুমের শিকার আর হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। এতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। স্পিকার উল্লেখ করেন, টানা ১৫ বছর ক্ষমতায় থেকে বিচারবহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর ও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।
এসময় ‘নিপীড়ন থেকে বিপ্লব: রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিগত শাসনামলের নির্যাতনের শিকার সংসদ সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সানজিদা ইসলাম তার ভাই সাজেদুল ইসলাম সুমনের গুমের কথা তুলে ধরেন। ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান আয়নাঘরে বন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়াও ৭ মাস গুমে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন সাংসদ হুম্মাম কাদের চৌধুরী। তাহসিনা রুশদীর লুনা বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল তার স্বামী ইলিয়াস আলীকে গুম করার মধ্য দিয়েই বাংলাদেশে গুমের সূচনা হয়।

