সম্পদের হিসাব না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া উচিত নয়: টিআইবি
মন্ত্রিসভায় সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামি অনুমোদনের পর এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে এই বেতন বৃদ্ধির সুবিধা কেবল তাদের জন্য সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি, যারা তাদের আয়-ব্যয়ের হিসাব ও সম্পদবিবরণী প্রকাশ করবেন। সব সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক করলে এর সুফল ঘরে তুলতে পারবে সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিন ধাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবসম্মত। তিনি এও মনে করেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের সামঞ্জস্য না থাকলে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা এবং দুর্নীতিমুক্ত পেশা প্রত্যাশা করা কঠিন।
টিআইবি নির্বাহী পরিচালক আরও উল্লেখ করেন, জনগণের টাকায় যেহেতু এই বেতন বাড়ছে, তাই বছর শেষে সবাকে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তিনি পরামর্শ দেন, যারা এই হিসাব প্রকাশ করবেন তাদের জন্যই কেবল নতুন পে-স্কেল প্রযোজ্য হওয়া উচিত। অন্যথায়, ঢালাওভাবে বেতন বাড়ালে তা অসৎ কর্মকর্তাদের অবৈধ সম্পদের পাহাড় আরও উঁচু করতে সাহায্য করবে, যা সরকারি খাতে দুর্নীতি বৃদ্ধির কারণ হবে।

