আষাঢ়িয়ার চর সেতুর কাজে মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, নাভিশ্বাস যাত্রীদের

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৩:৪৮ এএম
আষাঢ়িয়ার চর সেতুর কাজে মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, নাভিশ্বাস যাত্রীদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের মেগা ব্লক সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত আষাঢ়িয়ার চর সেতুতে জরুরি সংস্কার কাজের কারণে শুক্রবার দুপুর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এর রেশ শনিবারও পুরোপুরি কাটেনি, ফলে রাজধানীমুখো হাজার হাজার যাত্রী প্রচণ্ড গরম ও দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত সৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে এক লেনে সংস্কার কাজ শুরু করা হয়। এক লেন বন্ধ থাকায় অন্য লেন দিয়ে সীমিত আকারে গাড়ি চলাচল করলেও ধীরে ধীরে তা বিশাল জটে পরিণত হয়। এই চাপ পেছনের দিকে ছড়িয়ে পড়ে দাউদকান্দি, মেঘনা টোলপ্লাজা ও গৌরীপুর এলাকায়। ফলে স্বাভাবিক সময়ে দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত।

দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আটকা পড়া যাত্রী খন্দকার আরিফ হোসেন জানান, কুমিল্লা থেকে সকালে রওনা দিয়ে চান্দিনা থেকে দাউদকান্দির মাত্র ২০ কিলোমিটার পথ অতিক্রম করতেই তার চার ঘণ্টা সময় লেগেছে। প্রখর রোদে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে, মোহাম্মদ হোসাইন নামের আরেক যাত্রী জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় গাড়ির ভেতরেই আটকা পড়তে হয়েছে তাদের। টয়লেটের সুবিধা পাওয়া দুষ্প্রাপ্য হয়ে পড়েছে, বিশেষ করে নারী যাত্রীদের জন্য পরিস্থিতি দারুণ কঠিন হয়ে উঠেছে। সড়কে যানবাহনের চাপ কমাতে দ্রুত মেরামত কাজ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...