চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি পেল সেনাবাহিনী, বাড়বে অস্ত্র উৎপাদন
দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের (জেটিএমএল) ৫৪ দশমিক ৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ চুক্তি সই হয়।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং মিলিটারি এস্টেট অফিসার, ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম চুক্তিতে সই করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বর্তমান সরকারের সেনাবাহিনীর আধুনিকায়নের উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জানান, এই উদ্যোগ বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে মাইলফলক হিসেবে কাজ করবে।

