স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনতে ঢাকার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারিতে বদলি
বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তদবির প্রতিরোধে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা জেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে পাঁচ উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব বা স্বজনপ্রীতি ছাড়াই পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই লটারিতে মোট ৩৯ জন কর্মচারী অংশগ্রহণ করেন। এর মধ্যে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর জন্য ২৬ জন এবং সাভার ও ধামরাই উপজেলার জন্য ১৩ জন কর্মচারী তাদের ভাগ্য নির্ধারণ করেন। লটারির মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত কর্মস্থলে আগামী ১৭ আগস্টের মধ্যে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট সবাইকে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি জানান, লটারির ফলে প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়েছে এবং এতে বদলি নিয়ে কোনো প্রশ্ন বা বিতর্কের অবকাশ থাকছে না। প্রশাসন মনে করে, একই স্থানে দীর্ঘদিন চাকরির কারণে যেসব অনাকাঙ্ক্ষিত প্রভাব তৈরি হয়, তা রোধে এই নিয়মিত ও স্বচ্ছ বদলি প্রক্রিয়া ইতিবাচক ভূমিকা পালন করবে।

