চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ, তেলবাহী ট্যাংকারে ফাটল

প্রাইম বার্তা অনলাইন
১৪ আগস্ট ২০২৬ ৯:২২ পিএম
চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ, তেলবাহী ট্যাংকারে ফাটল

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জেঁকে বসা তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৩৩ হাজার টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক এবং গম বোঝাই বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত দুটি জাহাজই মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী।

জানা গেছে, সংঘর্ষের ফলে তেলবাহী ট্যাংকারটির ইঞ্জিনরুমে পোর্ট কোয়ার্টার অংশে প্রায় ১ বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। এই ফাটল দিয়ে পানি ঢুকে পড়ায় জাহাজটিতে সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে ইমার্জেন্সি ব্যাটারির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, জাহাজের সব কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত থাকায় কোনো প্রকার তেল নিঃসরণের ঘটনা ঘটেনি এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড। বন্দরের টাগবোট ‘কান্দারী-৮’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙরের ১০ শ্যাকেল করে ক্যাবল ছাড়া হয়েছে। এদিকে, গমবাহী জাহাজ এমভি সান শাইন গত ১ আগস্ট ৫২ হাজার টন গম নিয়ে বাংলাদেশে আসে। এশিয়াবাল্ক মেরিটাইম প্রাইভেট লিমিটেডের পরিচালক অঞ্জন মজুমদার জানান, ক্যাপ্টেনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...