নিউমার্কেটে কোমরসমান পানি, এক পাশ পার হতে ১০ টাকার ভ্যান সার্ভিস

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ২:১২ পিএম
নিউমার্কেটে কোমরসমান পানি, এক পাশ পার হতে ১০ টাকার ভ্যান সার্ভিস

রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেট সংলগ্ন সড়কে রোববার (১২ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হল সংলগ্ন এলাকা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে কোমরসমান পানি জমায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। পানিতে হেঁটে পার হওয়া কঠিন হয়ে পড়ায় স্থানীয় কিছু ভ্যানচালক এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পারাপারের ব্যবস্থা চালু করেছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ম্যানহোল দেখা না যাওয়ায় অনেকেই ঝুঁকি নিতে চাইছেন না। এ সুযোগে ভ্যানচালকরা তাদের যানবাহনে চার থেকে পাঁচজন করে যাত্রী তুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছেন। এই অল্প দূরত্ব পার হওয়ার জন্য তারা প্রতি জন যাত্রীর কাছ থেকে ১০ টাকা করে ভাড়া আদায় করছেন।

পানির মধ্যে দাঁড়িয়ে বা ভ্যানের ওপর বসে অফিসগামী মানুষকে পার হতে দেখা গেছে। অনেকে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে হাঁটার চেষ্টা করলেও গভীর পানি ও নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত ১০ টাকা খরচ করেই ভ্যানে উঠছেন। এক যাত্রী জানান, রাস্তার গর্ত বোঝা যাচ্ছে না বলে নিরাপদ থাকতেই তাকে এই খরচ করতে হচ্ছে। রুবেল নামে আরেক যাত্রী বলেন, কাপড় ভিজে যাওয়ার ভয়ে বাধ্য হয়েই ভ্যানে উঠতে হয়েছে তাকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...