সাবেক কূটনীতিক ও আইনজীবী ব্যারিস্টার কাজল হলেন অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় সূত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একজন সাবেক কূটনীতিক ও সাংবাদিক হিসেবেও তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
শিক্ষাজীবনে ব্যারিস্টার কাজল ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আবারও আইনে সম্মান ডিগ্রি নেন। দ্য সিটি ইউনিভার্সিটি থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে তিনি ইংল্যান্ডের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পান। ছাত্রজীবনে তিনি দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কূটনীতিক হিসেবে কাজ করেছেন।
পেশাগত জীবনে তিনি ২০২০ সাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের সময় গ্রেফতার হয়ে কারাভোগ ও নির্যাতনের শিকার হন। তিনি জুলাই আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজনীতিতে নবম শ্রেণি থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন।

