দুই মন্ত্রীসহ শাহী ঈদগাহে লাখো মানুষের ঈদ জামাত অনুষ্ঠিত
মুঘল আমলের ঐতিহ্যবাহী নিদর্শন সিলেটের শাহী ঈদগাহ ময়দানে লাখো মানুষের সমাগম ঘটেছে। ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে এই ঐতিহাসিক স্থানে। এবার এই জামাতে অংশ নিয়ে বিশেষ আমেজ তৈরি করেছেন বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট নগরী ও এর আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত কয়েক লাখ মানুষ এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।
খুতবা পেশ করেন সিলেটের প্রখ্যাত আলেম ও বরুনার পীর সাহেব আল্লামা রশিদুর রহমান ফারুক। জামাতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। নামাজের পূর্বে ঈদগাহ ময়দানের মোতাওয়াল্লী হিসেবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বছর শেষে কমিটির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং ভবিষ্যতে এর সৌন্দর্য বর্ধনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
নামাজ শেষে সিলেটবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের স্থিতিশীলতা অটুট রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতেও সরকার সদা সচেষ্ট। অপরদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধকবলিত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে। সেখানে নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

