শারদীয় দুর্গোৎসবের বাণীতে সমঅধিকার ও সম্প্রীতির আহ্বান রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
১৭ অক্টোবর ২০২৬ ৫:১৭ এএম
শারদীয় দুর্গোৎসবের বাণীতে সমঅধিকার ও সম্প্রীতির আহ্বান রাষ্ট্রপতির

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেছেন, কোনো নাগরিক যেন ধর্ম, বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে বৈষম্য, বঞ্চনা বা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত বাণীতে তিনি দেশে ও বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, মানুষকে সত্যপথ, ন্যায়নীতি, আত্মসংযম ও মানবকল্যাণের পাঠ দেয় প্রতিটি ধর্ম; অন্যায়-অসত্য থেকে দূরে সরিয়ে মুক্তির দিশা দেখায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি সবাইকে মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করার তাগিদ দেন তিনি। বাংলাভাষী সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে দুর্গাপূজার কথা উল্লেখ করে তিনি বলেন, অশুভ শক্তির পরাজয় এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়—এটিই এই উৎসবের অন্তর্নিহিত বাণী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবহমান কাল ধরে নানা আয়োজনে দুর্গাপূজা উদযাপন করে আসছে দেশের সনাতন সম্প্রদায়, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এর সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার সমাজ-সংস্কৃতি ও ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে সমাজের সব স্তরের মানুষ সৌহার্দ্যের টানে আবদ্ধ হন এবং পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয় বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতোই সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সহায়তা দিচ্ছে সরকার। পুরোহিতদের মাসিক সম্মানী প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার এবং ধর্মীয় কল্যাণমূলক অনুদান ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে, স্বাধীন ও নিরাপদ পরিবেশে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। উৎসবের আনন্দ যেন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনেও ছড়িয়ে পড়ে, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে-বিদেশে গৃহীত সব কর্মসূচির পূর্ণ সাফল্য কামনা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...