দুর্গাপূজার বাণীতে তারেক রহমান: ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শুভেচ্ছাবাণীতে তিনি বলেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।’
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় আয়োজন। হিন্দু বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গলের জন্য দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যে আগমন করেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সৃষ্টিকে লালন করেন। অশুভের পরাজয় ও সত্য-সুন্দরের আরাধনাই এই উৎসবের মূল তাৎপর্য বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মানুষ যেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা বাংলাদেশের আবহমানকালের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিরই অংশ। ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশিদের মধ্যকার বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চিত্র পরিষ্কারভাবে ফুটে ওঠে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সকল ধর্মেরই মূল উপজীব্য উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ ধরে রাখা সবার জন্য অপরিহার্য।
হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসনের বিতাড়নের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা করেছে এবং দেশ পুনর্গঠনের বিরাট কর্মযজ্ঞ শুরু হয়েছে। দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমুখী, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের অঙ্গীকার বলে তিনি জানান।
বাণীর শেষাংশে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি উৎসাহ-উদ্দীপনার সঙ্গে, নিশ্চিন্তে ও নিরাপদে সারাদেশে উৎসবের আনন্দ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি তাদের আবারও পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

