ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা ৪২
রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় চালানো অভিযানে টানা ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে এ ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ১৭৫ জন গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এরপর রয়েছে ওয়ারী বিভাগে ৬৬, তেজগাঁও বিভাগে ৬৩, মতিঝিল বিভাগে ৫৯, লালবাগ বিভাগে ৫৬, উত্তরা বিভাগে ৪৫, গুলশান বিভাগে ৩৬, রমনা বিভাগে ২৭ জন এবং সিটিটিসির অভিযানে ৩ জন।
অভিযানকালে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন ও ২ বোতল বিদেশি মদ জব্দ হয়েছে। এ ছাড়া উদ্ধার হয়েছে বিস্ফোরিত ককটেলের টুকরো, প্যারেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
ডিএমপি কর্মকর্তা আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

