চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে সোমবার (১২ অক্টোবর) বিকেলে লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সরু গলিপথ, ঘন ধোঁয়া আর পানির অভাবের কারণে আগুন নেভানোর কাজে বারবার বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরদিকে বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। শুরুতে পাঁচটি ইউনিট নিয়ে অভিযান চললেও পর্যায়ক্রমে তা বাড়িয়ে নয়টি এবং পরে ১০টি করা হয়।
সোমবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ওই তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে এবং প্রতিটি গুদামই তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভাতে বাড়তি সময় লাগছে।
এর আগে রাত ৯টার দিকে নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় যানগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি। এছাড়া পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।
আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, কেউ হতাহত হয়েছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—কোনোটিই এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

