সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার লিজকৃত একটি সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে গণপূর্ত বিভাগের এক নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (৭ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন।
মামলার আসামিরা হলেন, নগরীর পূর্ব মাদারবাড়ি ৬৪ দারোগাহাট রোডের মৃত তবারক উল্লাহর স্ত্রী ফাতেমা বেগম (৯০), তার ছেলে ও মেসার্স কনকর্ড ট্রেডিং কোং-এর স্বত্বাধিকারী মো. ফরিদ আহমদ (৫৩), মোহাম্মদ ফয়েজ আহমদ (৬১), আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম হোসেন (৩৯), তিন কন্যা হাসিনা মমতাজ (৬০), রোকেয়া সুলতানা (৫৭), শাহীন সুলতানা (৫০) এবং বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম (৪৬)। জানা যায়, ঘটনার সময় শাহ আলম চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগে উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন।
দুদকের অভিযোগ, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র সৃজন করে তা খাঁটি হিসেবে ব্যবহার করে সরকারি খাস জমির ২৪ দশমিক ৯৬ শতক আয়ত্তে নিয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ওই জমির বাজারমূল্য ১৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ১৪০ টাকা। আত্মসাৎ হওয়া জমিটি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গোঁসাইলডাঙা মৌজায় (জে এল নং-১৬) অবস্থিত।
জমির পটভূমি ঘেঁটে জানা যায়, ১৯৫৮ সালে তৎকালীন চিটাগাং টাউন প্লানিং কমিটি ওই প্লটটি ৯৯ বছরের জন্য লিজ দেয় মেসার্স এসজেএন্ডজি ফজলে এলাহী লিমিটেডকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠানটি দেশ ছেড়ে চলে গেলে সম্পত্তিটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ২০০২ সালে আসামি ফরিদ আহমদ ও তার বোন হাসিনা মমতাজ কনকর্ড ট্রেডিংয়ের পক্ষে পুরোভবন ও জমিটি লিজ নেন। এরপর ফরিদের মা ফাতেমা বেগমের নামে জাল দলিল তৈরি করে জমিটি আত্মসাৎ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ভবনের বাজারদরে ভাড়াসহ সাকুল্যে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ হয়েছে বলেও মামলায় বলা হয়।
দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। তদন্ত সম্পন্ন হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

