ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের, আটক বাবা-মা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক কবিরাজের নির্দেশনা মেনে ঝাড়ফুঁক করানোর সময় লাঠিসদৃশ বস্তু দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই মারধরেই নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে প্রাণ হারিয়েছে মানসিক প্রতিবন্ধী ১৮ বছরের সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ নামের এক তরুণ। ভয়াবহ এই ঘটনা ঘটে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহর বাপের বাড়িতে। অভিযুক্ত বাবা নুর মোহাম্মদ স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার।
প্রতিবেশী সাকিব জানান, মারধরের দৃশ্য দেখে তিনি হস্তক্ষেপ করতে চাইলেও নিহতের পরিবারের সদস্যরা তাকে নাজেহাল করেন। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়ে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে কর্ণফুলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বদি বলেন, নুর মোহাম্মদ তার ইউনিয়ন পরিষদের চৌকিদার। কোনো এক ভণ্ড পীরের কথামতো মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার চেষ্টা করতে গিয়েই তার মৃত্যু ঘটেছে। তিনি জানান, লাশ উদ্ধারের পাশাপাশি পুলিশ নুর মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবার তাকে কবিরাজের পরামর্শে চিকিৎসা দেয় এবং এ কারণেই প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে নিহতের বাবা-মাকে আটক রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ ও পরবর্তী প্রক্রিয়া শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

