বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি সই

প্রাইম বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৬ ১১:৩৯ এএম
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি সই

জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। দেশের বিমান বহরে ১০টি নতুন উড়োজাহাজ যোগ করার লক্ষ্যে আজ বুধবার ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করছে বিমান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায় বিমানের বহরে যুক্ত হবে ৪টি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ৬টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ। আশা করা হচ্ছে, ওয়াইড-বডি চারটি বিমান ভবিষ্যতে দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে, আর ন্যারো-বডি ছয়টি চলবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। এর মাধ্যমে বোয়িং ও এয়ারবাস মিলে তৈরি হবে বিমানের একটি বহুমুখী বহর।

স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার শীর্ষক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্জেন ওয়েস্টারমেয়ার এবং বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অক্টোবরের মধ্যেই ১০টি এয়ারবাস কেনার চুক্তি সম্পাদনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, এর আগে বিমান ১৪টি বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে ছিল ৮টি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি ৭৩৭-৮ উড়োজাহাজ। পরবর্তীতে তালিকায় যোগ হয় আরও ১১টি বোয়িং যুক্ত করা হয়, যার মধ্যে ছিল ৫টি ৭৮৭-১০ এবং ৬টি ৭৩৭-৮। ফলে বোয়িং ক্রয়ের মোট সংখ্যা দাঁড়ায় ২৫টিতে। এয়ারবাস চুক্তি কার্যকর হলে দুই নির্মাতার উড়োজাহাজের সমন্বয়ে গড়ে উঠবে আধুনিক ও বৈচিত্র্যময় একটি বহর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...