পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় স্বামী, ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এক ভুক্তভোগী নারী। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে প্রমা চৌধুরী নামের ওই নারী জানান, তার সঙ্গে মারধর ও ভরণপোষণ বঞ্চনার পাশাপাশি চার বছরের মেয়েসহ তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে বলে তিনি জানান।
প্রমা চৌধুরীর অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে সনাতন ধর্মের রীতিনীতি মেনে পটিয়া উপজেলার হাইদগাঁও ৫নং ওয়ার্ডের বিকাশ চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। সংসারে চার বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। বিয়ের মাত্র দুই মাস সাত দিন পর স্বামী প্রবাসে চলে যান। বিদেশ থেকে মাঝেমধ্যে ফোনে সংসারের কথা বললে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। প্রায় তিন বছর ছয় মাস পর দেশে ফিরে স্বামী অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সন্তান ও সংসারের কথা ভেবে সঠিক পথে ফিরতে অনুরোধ করলে তাকে গালিগালাজ ও মারধরের শিকার হতে হয়। ভাসুর ও জায়ের প্ররোচনায় বিভিন্ন সময় মিথ্যা অপবাদ দিয়ে তাকে অপমান করা হয়। এরপর ছয় মাস আগে পিটিয়ে বসতঘর থেকে বের করে দেওয়ার পর থেকে তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগীর ভাষায়, বিতাড়িত হওয়ার পর থেকে স্বামী তার ও সন্তানের ভরণপোষণের কোনো খোঁজ নেননি। ফোনে যোগাযোগ করলে বলা হয়, তাদের আর ফিরিয়ে নেওয়া হবে না; বাড়িতে ঢুকতে চাইলে মেয়েসহ মেরে ফেলা হবে। এমনকি নিজে আত্মহত্যা করে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন স্বামী। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা অভিযুক্তদের অসহযোগিতায় ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। হাইদগাঁও ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ পাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন একাধিকবার নোটিশ দিয়ে অভিযুক্ত পরিবারকে ডাকলেও তারা সাড়া দেয়নি বলে জানান তিনি।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রবাসীর পরিবারকে ডাকলেও তারা আসেননি। এ পরিস্থিতিতে ভুক্তভোগীকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বাবা সনজিৎ দাশ ও মা সুকলা দাশ উপস্থিত ছিলেন। নিজের ও চার বছরের মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সবার সহযোগিতা কামনা করেছেন নির্যাতিত এ নারী। অভিযুক্ত প্রবাসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

