শিক্ষার্থীদের শিল্পের সঙ্গে যুক্ত করল ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

প্রাইম বার্তা অনলাইন
০৫ অক্টোবর ২০২৬ ৯:৩১ পিএম
শিক্ষার্থীদের শিল্পের সঙ্গে যুক্ত করল ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি খাতের হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে রাজধানীতে আয়োজিত হয়েছে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক পরিচিতি কর্মসূচি। সোমবার (৫ অক্টোবর) এ অনুষ্ঠানে নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবা (আইএসপি) খাতের কাজের ধরন, প্রযুক্তি এবং পেশাগত দক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ধারণা তুলে ধরা হয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেড এ আয়োজনের উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) সভাপতি আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শারমিন জামান এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইশরাত জাহান।

ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন জানান, শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা এবং প্রকৃত আইএসপি কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করানোই এ আয়োজনের মূল লক্ষ্য। এর ফলে একাডেমিক জ্ঞান বাস্তব কর্মজগতের অভিজ্ঞতার সঙ্গে মিলে তাদের আগামী পেশাজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের পথ খুলে যাবে। এসময় ওয়ান স্কাই ইনফরমেশন টেকনোলজি (ওএসআইটি), স্কাই ট্র্যাকার এবং প্রগতি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

‘আপনার দক্ষতা – আগামীর প্রবেশপথ’ এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিল্পের বাস্তব পরিবেশের সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়। আয়োজকদের বক্তব্যে, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটভিত্তিক শিল্প দ্রুত বদলে যাচ্ছে; এ খাতে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও পেশাগত আচরণও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আগেভাগে শিল্পের সঙ্গে যুক্ত করতে পারলে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য তাদের আরও প্রস্তুত করা সম্ভব হবে বলে তারা প্রত্যাশা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...